‘মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান চলছে’
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রিত ইরাকি নগরী মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। নিউ ইয়র্ক সফররত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ খবর জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কে গেছেন এবাদি।
তিনি বলেন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মসুলের ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত শিরকাত শহর মুক্ত করার অভিযান শুরু করেছে। এ ছাড়া, পশ্চিম আনবার প্রদেশের আরো দু’টি এলাকা মুক্ত করার অভিযানও শুরু হয়েছে বলে জানান তিনি।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, এ সব অভিযানের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় প্রতি ইঞ্চি ইরাকি ভূমি দায়েশ মুক্ত হবে। সেইসঙ্গে চূড়ান্তভাবে মসুল নগরী মুক্ত করার মাধ্যমে এ অভিযানের সমাপ্তি ঘটবে বলেও ঘোষণা করেন তিনি।
নিয়মিত এবং স্বেচ্ছাসেবক বাহিনী এরইমধ্যে শিরকাত শহর পুরোপুরি অবরোধ করে ফেলেছে। শহরটির হাজার হাজার বেসামরিক মানুষকে দায়েশ মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০