ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে দায়েশ: মার্কিন সূত্র
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে রাসায়নিক হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের দক্ষিণে অবস্থিত বিমান ঘাঁটি কাইয়াররা লক্ষ্য করে রাসায়নিক পদার্থবাহী একটি শেল নিক্ষেপ করা হয়েছে।
ইরাকি ও মার্কিন সেনারা যৌথভাবে ওই বিমান ঘাঁটি পরিচালনা করছে। রাসায়নিক পদার্থবাহী শেলটি রকেট অথবা কামানের গোলা বলে সিএনএনকে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা।
একজন কর্মকর্তা জানিয়েছেন, শেলটিতে উপস্থিত রাসায়নিক উপাদান ছিল ‘কম বিশুদ্ধ’ এবং তা ‘অত্যন্ত বাজেভাবে’ শেলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে। আরেকজন কর্মকর্তা এ ধরনের অস্ত্রকে ‘অকার্যকর’ বলে অভিহিত করেছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পর্যবেক্ষণের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, “বিমান ঘাঁটিটি লক্ষ্য করে আইএসআইএস শেল নিক্ষেপ করেছে। কারণ তারা কিছুদিন ধরে রাসায়নিক অস্ত্র তৈরি করছে।” তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।
২০১৪ সালের জুন মাস থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দায়েশের দখলে রয়েছে। ওই বছরেরই আগস্ট থেকে দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালানোর দাবি করছে মার্কিন সেনাবাহিনী। এই হামলায় আরো কিছু পশ্চিমা দেশ অংশগ্রহণ করছে।
তবে মার্কিন নেতৃত্বাধীন ওই হামলায় দায়েশের উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২