সৌদি মদদে সন্ত্রাসবাদ বিস্তৃত হচ্ছে: ওয়ালিদ আল-মুয়াল্লেম
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম
সৌদি আরব, কাতার ও তুরস্কের সমর্থনে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম। তিনি শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তৃতায় এ অভিযোগ করেন।
মুয়াল্লেম বলেন, কাতার, সৌদি আরব ও তুরস্কের মতো দেশগুলোর সমর্থন নিয়ে সন্ত্রাসবাদ বিস্তৃতি লাভ করছে; কারণ এ দেশগুলো তাদের সীমান্তকে সন্ত্রাসীদের জন্য উন্মুক্ত করে রেখেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বিদ্রোহীকে ওয়াশিংটন ‘মধ্যপন্থি’ নাম দিয়েছে তারা সিরিয়ার জনগণের বিরুদ্ধে চালানো পাশবিকতায় দায়েশ, আল-কায়েদা ও আন-নুসরা ফ্রন্টকে ছাড়িয়ে গেছে।
সন্ত্রাসবাদ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে মুয়াল্লেম বলেন, বর্তমানে সারাবিশ্বের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে সিরিয়া। যারা এ বাস্তবতা অস্বীকার করবে তাদেরকে সন্ত্রাসবাদ বিস্তার ও নিরপরাধ মানুষের প্রাণহানির দায়িত্ব গ্রহণ করতে হবে।
রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করার আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সংলাপের একই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ লড়াইয়ে ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার জনগণকে সহযোগিতা করেছে বলে উল্লেখ করেন ওয়ালিদ আল-মুয়াল্লেম।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫