মসুল উদ্ধার অভিযানে কোনো বিদেশি সেনা নেই: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i21196-মসুল_উদ্ধার_অভিযানে_কোনো_বিদেশি_সেনা_নেই_ইরাক
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার অভিযানে কোনো বিদেশি সেনা অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে বাগদাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ০৩:০৭ Asia/Dhaka
  • মসুল পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনাবাহিনী
    মসুল পুনরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে ইরাকি সেনাবাহিনী

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার অভিযানে কোনো বিদেশি সেনা অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে বাগদাদ।

ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ব্রিগেডিয়ার-জেনারেল ইয়াহিয়া রাসুল বলেছেন, “মসুলসহ ইরাকি শহরগুলো স্বাধীন করার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সম্পূর্ণ ইরাকি।” এসব সেনার মধ্যে ইরাকের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সন্ত্রাস বিরোধী সৈন্য, ফেডারেল পুলিশ এবং জনপ্রিয় গণবাহিনীর সদস্যরা রয়েছেন বলে তিনি জানান।

জেনারেল রাসুল বলেন, ইরাকে আন্তর্জাতিক জোটের যেসব সেনা রয়েছেন তারা মূলত গোয়েন্দা তথ্য সরবরাহ করার পাশাপাশি ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন। এ ছাড়া, মিত্র দেশগুলো সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু বিদেশি কোনো পদাতিক সেনা ইরাকি শহরগুলো পুনরুদ্ধারের অভিযানে অংশ নিচ্ছে না বলে তিনি জানান।

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর পুনরুদ্ধারের অভিযানে অংশগ্রহণের জন্য আমেরিকা ৫০০ সেনা পাঠাতে চায় বলে কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ইরাকি সেনাপ্রধান এ বক্তব্য দিলেন।

গত কয়েক মাস ধরে ইরাকি বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরটি দায়েশের কবল থেকে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। ২০১৪ সালের গ্রীষ্মে শহরটি উগ্র এ জঙ্গি গোষ্ঠীর দখলে চলে গিয়েছিল। দায়েশের হাত থেকে ইরাকে বাকি প্রায় সব শহর ও এলাকা পুনর্দখল করেছে দেশটির সেনাবাহিনী।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬