ইরাকের বাগদাদে আত্মঘাতী বোমার বিস্ফোরণ: নিহত ৯
ইরাকের রাজধানী বাগদাদের উত্তর অংশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
রাজধানীর নিউ বাগদাদ এলাকায় আজ (রোববার) সকালে শোকাবহ মহরম উপলক্ষে একটি শোকানুষ্ঠান চলার সময় এক ব্যক্তি আত্মঘাতীমূলক বোমার বিস্ফোরণ ঘটলে এসব ব্যক্তি নিহত হয় বলে ইরাকের আল-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে। হামলায় অপর আরো এক ডজন ব্যক্তি আহত হয়েছে। বর্বরোচিত এ হামলার দায়িত্ব এখনো কোনো গোষ্ঠী স্বীকার করে নি।
অন্যদিকে,তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরকুক প্রদেশে গোপনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই নারী এবং তিন শিশু নিহত হয়েছে।
এছাড়া, আজ দায়েশ নিয়ন্ত্রিত মসুলের উত্তর অংশে দু'টি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের ঘাঁটি এবং তাদের একাধিক সরবরাহ টানেল ধ্বংস হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।
২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকে তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। তবে জোটের হামলায় দায়েশ নির্মূল কিংবা তাদের শক্তি খর্ব হয় নি। উল্টো মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দায়েশের প্রতি সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯