‘ইরাক চায় না তবু সেনা রাখতে তুরস্কের জোর-জবরদস্তি’
-
নুমান কুরতুলমুস
তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেছেন, যতদিন প্রয়োজন হয় ততদিন ইরাকের মাটিতে তুর্কি সেনা উপস্থিতি বজায় থাকবে। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি সেনা মোতায়েনের বিরুদ্ধে বাগদাদের পক্ষ থেকে বার বার প্রতিবাদ ও দু দেশের মধ্যে উত্তেজনা সত্ত্বেও তুর্কি উপ প্রধানমন্ত্রী এ কথা বললেন।
কুরতুলমুস বলেন, “বাশিকা ঘাঁটিতে তুরস্কের সেনা উপস্থিতি সম্পূর্ণভাবে বৈধ। যতদিন প্রয়োজন সেখানে আমাদের সেনা থাকবে।” তিনি দাবি করেন, মসুল শহরের ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মোতায়েন তুর্কি সেনারা ওই এলাকার নাগরিকদের সমর্থন দিচ্ছে। তিনি আরো দাবি করেন, “ইরাকের প্রধানমন্ত্রী হয়ত অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে সেনা প্রত্যাহারের কথা বলছেন।”
কুরতুলমুস বলেন, দায়েশের হাত থেকে মুসল উদ্ধার-অভিযানের জন্য তুরস্কের সেনারা প্রস্তুতি নিয়েছে তবে তাতে সিরিয়ার কুর্দি যোদ্ধারা অংশ নিতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইরাক সরকার যখন সেনা প্রত্যাহারের জন্য ব্যাপক চাপ সৃষ্টি করেছে তখন অনেকটা নাছোড়বান্দার মতো তুর্কি নেতারা ইরাকে সেনা মোতায়েন রাখতে চাইছেন। গতকাল প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “মসুল অভিযানে যাতে সাম্প্রদায়িক কোনো কিছু না হয় তা ঠেকানোর চেষ্টা করছে তুরস্ক।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩