মসুলে ইরাকি বাহিনীর অভিযান চলছে; বহু গ্রাম পুনরুদ্ধার
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত মসুলের আশপাশের এলাকায় নতুন করে অভিযান শুরু করেছে ইরাকি সেনাবাহিনী। দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুল পুনরুদ্ধার করতে বিশেষ বাহিনী যোগ দেয়ার পর এ সাঁড়াশি অভিযান শুরু হলো।
সরকারি সেনারা আজ (বৃহস্পতিবার) মসুলের পূর্বে বারতাল্লাহ শহরের কাছে বহু গ্রাম দখলে নেয়ার পর শহরটির দিকে অগ্রসর হয়।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল -এবাদি বলেছেন, "আমরা যা চিন্তা এবং পরিকল্পনা করেছিলাম তার চেয়েও দ্রুত গতিতে মসুলের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী।"
ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড জানিয়েছে, সেনাবাহিনী সাতটি গ্রামের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেখানে জাতীয় পতাকা ওড়ায়। মাঠ পর্যায়ের কমান্ডাররা জানিয়েছেন, দায়েশের যেকোনো তৎপরতা রুখে দেয়ার লক্ষ্যে সেনাবাহিনী আজ ভোর ছয়টায় মসুলের উত্তরে এবং উত্তর-পূর্বে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা এবং গ্রাম সন্ত্রাসীমুক্ত করার অভিযান চালায়।
দীর্ঘ প্রস্তুতির পর গত সোমবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের অভিযান শুরু হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর পাশাপাশি শিয়া, সুন্নি ও কুর্দি পেশমার্গা স্বেচ্ছাসেবী বাহিনী অভিযানে অংশ নিচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২০