ইয়েমেনে যুদ্ধবিরতি শেষ; আবার শুরু সৌদি বাহিনীর হামলা
সংঘাত পীড়িত ইয়েমেনে তিন দিনের যুদ্ধ বিরতির পর দেশটির বিরুদ্ধে আগ্রাসী সৌদি বাহিনী আবারো বর্বরোচিত বিমান হামলা শুরু করেছে।
সৌদি জঙ্গিবিমান আজ (রোববার) ভোরে সানা, তায়িজ, হোদায়দা এবং হাজ্জাহ প্রদেশে ১৬ বারের বেশি বোমা বর্ষণ করেছে বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
এছাড়া, তায়িজ এবং হাজ্জাহ প্রদেশের মুখা এবং এবস এলাকায় একই ধরণের হামলা চালিয়েছে সৌদি বাহিনী। নতুন করে মেয়াদ বাড়ানো ছাড়াই ইয়েমেনে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই সৌদি বাহিনী এসব হামলা চালায়।
যুদ্ধে আটকে পড়া এলাকায় পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেয়ার লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে ওই যুদ্ধ বিরতি পালন করা হয়েছিল।
এছাড়া, ইয়েমেন সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাঈল ওল্দ শেখ সানা সফর করার আগে সৌদি আরব এসব বিমান হামলা চালাল। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায় নি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩