মসুল অভিযানে ৭৭২ দায়েশ সন্ত্রাসী নিহত: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i24160-মসুল_অভিযানে_৭৭২_দায়েশ_সন্ত্রাসী_নিহত_ইরাক
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০০ জঙ্গি নিহত হয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড বা জেওসি এ খবর জানিয়ে বলেছে, এ অভিযানে আটক হয়েছে প্রায় দুই ডজন সন্ত্রাসী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০২:১৬ Asia/Dhaka
  • মসুলর দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনীর ট্যাংকের বহর
    মসুলর দিকে এগিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনীর ট্যাংকের বহর

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০০ জঙ্গি নিহত হয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড বা জেওসি এ খবর জানিয়ে বলেছে, এ অভিযানে আটক হয়েছে প্রায় দুই ডজন সন্ত্রাসী।

জেওসি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ১৭ অক্টোবর বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত মসুল পুনর্দখলের অভিযান শুরু হয়। অভিযানে এ পর্যন্ত ৭৭২ দায়েশ জঙ্গি নিহত ও অপর ২৩ জন আটক হয়েছে। এ সময়ে দায়েশের হাতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ভূগর্ভস্থ টানেল ও জঙ্গিদের আশ্রয়কেন্দ্র ধ্বংস হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার মসুলের নিকটবর্তী ওয়াদি আল-কাসাব এবং আল-হামজা গ্রাম পুনর্দখল করে।  ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা এক ঘোষণায় বলেছে,  মসুলের আল-আরাবি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক সামরিক জোটের বিমান হামলায় ১২ দায়েশ জঙ্গি নিহত হয়েছে।

ইরাকি সেনাবাহিনীর হাতে আটক হয়েছে প্রায় দুই ডজন জঙ্গি

এ ছাড়া, মসুলের নিকটবর্তী আশ-শুরা জেলার সুয়ারিয়াহ গ্রামে দায়েশ জঙ্গিদের একটি সমাবেশস্থলে মার্কিন জোটের বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত ও অন্য দু’জন আহত হয়েছে।

২০১৪ সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখলে নিয়েছিল উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। তারা এই নগরী দখলের পরই মূলত কথিত খেলাফত ঘোষণা করেছিল। ইরাকি সেনাবাহিনী দেশটির বেশিরভাগ এলাকা দায়েশমুক্ত করতে পারলেও মসুল এখনো নিয়ন্ত্রণ করছে তাকফিরি সন্ত্রাসীরা। তাদের হাত থেকে এ শহর উদ্ধারের জন্য ১৭ অক্টোবর থেকে ইরাকি সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়। মসুল মুক্ত করার এ অভিযান কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত চলতে পারে বলে বাগদাদ মনে করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮