ইয়েমেনি বাহিনীর রকেট হামলায় সন্ত্রাসীদের অস্ত্রাগার ধ্বংস
ইয়েমেনের সামরিক এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী রাজধানী সানায় সৌদি মদদপুষ্ট ভাড়াটে সেনাদের অবস্থানে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এতে তাদের ব্যবহৃত একটি অস্ত্রগুদাম ধ্বংস হয়েছে।
আজ (সোমবার) ভোরে ইয়েমেনি বাহিনীর নিক্ষিপ্ত রকেট হামলায় সানার উত্তর-পূর্ব অংশে ফারদহাত নিহম এলাকায় অবস্থিত অস্ত্রাগার ধ্বংস হয় বলে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
একটি সামরিক সূত্র জানিয়েছে, সৌদি ভাড়াটে সেনাদের অস্ত্রাগারে হামলার ফলে সেখানে বিকট বিস্ফোরণ ঘটে এবং বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।এছাড়া, ইয়েমেনি সেনারা ওই এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে শত্রুদের একটি সামরিক যানও ধ্বংস হয়।
এদিকে, গতকাল (রোববার) রাতে ইয়েমেনি বাহিনী একই এলাকায় সৌদি মদদপুষ্ট ভাড়টে সেনাদের একটি সামরিক যান ধ্বংস করেছে। একটি সামরিক সূত্র আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে, ফারদহাত নিহম এলাকায় ইয়েমেনি সেনারা একটি সামরিক যানে রকেট হামলা চালালে ওই যানে থাকা সবাই নিহত হয়।
এছাড়া, গতকাল ইয়েমেনি বাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি ভাড়াটে সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীরা ব্যপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে একটি সামরিক সূত্র জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১