চলছে রুশ-সিরিয়ার যুদ্ধবিরতি; রয়েছে সন্ত্রাসীদের চলে যাওয়ার পথ
-
ফাইল ফটো
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পোতে মানবিক যুদ্ধবিরতি পালন শুরু করেছে রাশিয়া ও সিরিয়া। যুদ্ধকবলিত শহরটির দখলকৃত অংশ থেকে বেসামরিক নাগরিক ও জঙ্গিদের চলে যাওয়া সহজতর করতে বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া ও সিরিয়া ঘোষিত দশ ঘন্টাব্যাপী যুদ্ধবিরতি শুরু হয় আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৯টায়। বিরতির সময় দুটি করিডর খোলা রয়েছে জঙ্গিদের জন্য যাতে তারা পূর্ব আলেপ্পো ছেড়ে চলে যেতে পারে। বাকি ছয়টি করিডর বেসামরিক নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে।
রুশ সেনারা আলেপ্পোয় ক্যামেরা বসিয়েছে এবং অনলাইনে জঙ্গীদের জন্য মানবিক করিডরের সরাসরি ছবি দেখাচ্ছে। রাশিয়া এরইমধ্যে ১৮ অক্টোবর থেকে জঙ্গি অবস্থানের ওপর বিমান হামলা বন্ধ রেখেছে। যুদ্ধবিরতি বলবৎ থাকায় আলেপ্পোতে আগের চেয়ে শান্ত অবস্থা বিরাজ করছে।
জাবহাত ফাতেহ আশ-শাম ও চরমপন্থী আহরার আশ-শামসহ বিভিন্ন তাকফিরি জঙ্গিগোষ্ঠীর অধীনে থাকা আলেপ্পোর পশ্চিম অংশের নিয়ন্ত্রণ এখন সিরিয়ার সেনাবাহিনীর হাতে এসেছে। ২২ সেপ্টেম্বর রুশ বিমান বাহিনীর সহায়তায় সরকার আলেপ্পোর পশ্চিম ও পূর্ব অংশ একত্রীকরণের অভিযান শুরু করে সিরিয় সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিরতির আগে আলেপ্পোতে তাকফিরি সন্ত্রাসীদের কয়েক দফা হামলায় কমপক্ষে ১২ বেসামরিক নাগরিক নিহত ও ২০০ জন আহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪