সন্ত্রাসীদের ১৪টি ড্রোন ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা
-
ফাইল ফটো
সিরিয়ায় তৎপর বিদেশী মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীদের ১৪টি ড্রোন ভূপাতিত করেছে দেশটির সরকারি সেনারা। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে এসব ড্রোন ভূপাতিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র আজ (বুধবার) জানিয়েছে, সিরিয়ার সেনাদের ওপর নজরদারি ও হামলার জন্য এসব ড্রোন ব্যবহার করছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন সিরিয়ার সেনারা একের পর এক সাফল্য পাচ্ছে তখন ১৪টি ড্রোন ভূপাতিত করার খবর এল।
আজ আলেপ্পোর পশ্চিম অংশে আল-হিকমা স্কুলের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয়ার সেনারা। জাবহাত ফাতেহ আশ-শামের সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর সরকারি সেনারা এ সাফল্য পায়। সংঘর্ষে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
এদিকে, কুনেইত্রা প্রদেশের উত্তর অংশে হাদির এলাকায় কয়েকটি সামরিক পোস্টের ওপর সন্ত্রাসীদের হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সামরিক বাহিনী। এ সময় লড়াইয়ে বহু সন্ত্রাসী নিহত ও তাদের অস্ত্র ও গাড়ি ধ্বংস হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯