ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করুন: ট্রাম্পকে হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i25384-ইসরাইলের_প্রতি_সমর্থন_বন্ধ_করুন_ট্রাম্পকে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশআল ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকার জন্য ‘ঘাড়ের বোঝা’ হিসেবে উল্লেখ করেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ১০:১২ Asia/Dhaka
  • খালেদ মাশআল
    খালেদ মাশআল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাশআল ইহুদিবাদী ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকার জন্য ‘ঘাড়ের বোঝা’ হিসেবে উল্লেখ করেন।  

গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত এক সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় মাশআল এ আহ্বান জানান। তিনি বলেন, “এখন সময় এসেছে ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক অপরাধযজ্ঞের অবসান ঘটানোর। আমরা আপনার প্রতি আহ্বান জানাই- আপনি নিরপেক্ষভাবে ফিলিস্তিন ইস্যুটি দেখুন এবং ইসরাইলের অব্যাহত অপরাধকে উপেক্ষা করার নীতি থেকে আপনি সরে আসুন।”

খালেদ মাশআল আরো বলেন, “ইসরাইলকে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দেয়া ভুল হবে। এ অবস্থায় আমরা ট্রাম্পকে তার দেশের নীতি পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।” মাশআল জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের অধিকার স্বীকার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসতে পারে না।  

এর আগে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি ফিলিস্তিনিদের জন্য  ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “ফিলিস্তিনিদের প্রতি আমেরিকার নীতিতে বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই আমরা মনে করি কারণ তারা ইসরাইলের জন্য স্থির ও একপেশে নীতি নিয়েছে। তারপরও আমরা ডোনাল্ড ট্রাম্পের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন।”#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১