মসুলে খাবার পানির সংকট তীব্রতর: জাতিসংঘ
ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রিত মসুলে খাবার পানির সংকটকে মারাত্মক বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য দেশটির সেনাবাহিনী যখন গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করেছে তখন সেখানে পানি সংকটের এ খবর এলো।
ইরাকে জাতিসংঘের শীর্ষস্থানীয় মানবাধিকার সমন্বয়ক লিসে গ্রান্ডে গতকাল (বুধবার) বলেন, মসুল শহরের প্রায় পাঁচ লাখ বেসামরিক ব্যক্তি এখন খাবার পানি থেকে বঞ্চিত রয়েছে। তিনি আরো বলেন, এ সংকট শিশু, নারী এবং পরিবারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।
লিন্ডে আরো বলেন, কেবল পানিই নয় এমনকি সেখানে খাবার এবং বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নেই। মসুলে পানির সংকটের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না হওয়া গেলেও শহরটির পৌরসভার কর্মকর্তা বাসমা বাসিমের দেয়া তথ্য অনুসারে দায়েশ সন্ত্রাসীরা এর আগে পানির সংযোগ লাইনগুলো বোমা মেরে উড়িয়ে দেয়ার ফলেই এ বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জাতিসংঘের এ কর্মকর্তা।
এদিকে, খাবার পানির তীব্র সংকটের মতো এ 'মানবিক বিপর্যয়' প্রতিরোধে বাগদাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রাণ সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা এবং অধিবাসীরা।#
পার্সটুডে/বাবুল আখতার/১