মসুলে দায়েশের বোমা হামলায় আবারো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i27340-মসুলে_দায়েশের_বোমা_হামলায়_আবারো_২৪_বেসামরিক_ব্যক্তি_নিহত
ইরাকের গোলযোগপূর্ণ মসুলে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়েছে। আজ (শনিবার) সন্ত্রাসীরা মসুলের কায়ারাহ এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৬ ১২:৫৬ Asia/Dhaka
  • মসুলে দায়েশের বোমা হামলায় আবারো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত

ইরাকের গোলযোগপূর্ণ মসুলে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বোমা হামলায় অন্তত ২৪ ব্যক্তি নিহত হয়েছে। আজ (শনিবার) সন্ত্রাসীরা মসুলের কায়ারাহ এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি নিহত হয়।

দায়েশ সন্ত্রাসীরা মসুলের দক্ষিণে অবস্থিত কায়ারাহ এলাকার কানোস গ্রামে বিস্ফোরক বোঝাই দু'টি গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে দুই সেনাসহ ২৯ বেসামরিক ব্যক্তিকে হত্যা করার একদিন পর নতুন করে এ হামলার খবর এলো।

গত আগস্ট মাসে মুসলের ৬০ কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত কায়ারাহ এলাকাটি  ইরাকি সেনাবাহিনী দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করে।

২০১৪ সালে মসুল দখল করে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালায় বিদেশি মদদপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। দায়েশের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল পুনর্দখলের জন্য গত ১৭ অক্টোবর বিশাল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ কাজে সরকারপন্থি আধা সামরিক বাহিনী- পপ্যুলার মোবিলাইজেন ইউনিট ও কুর্দি পেশমার্গা যোদ্ধারা সেনাবাহিনীকে সহযোগিতা করছে। 

এদিকে, মসুল বিমান বন্দরের কাছে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং দায়েশ সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া ইরাকের সন্ত্রাস বিরোধী বিশেষ ইউনিট অভিযান চালিয়ে মসুলের পূর্ব অংশে একজন  কমান্ডারসহ ১৩ সন্ত্রাসীকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩