ইয়েমেনে অর্ধশতাধিক যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ
-
সাগরে ডুবে যাওয়া একটি জাহাজ ( পুরনো ছবি)
ইয়েমেনের একটি জাহাজ আরব সাগরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। সেখানে অর্ধশতাধিক যাত্রী ছিল এবং যাত্রীদের প্রায় সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের হাথরামাউত প্রদেশ থেকে সকোত্রা দ্বীপে যাওয়ার পথে পাঁচ দিন আগে জাহাজটি নিখোঁজ হয়েছে বলে প্রদেশটি নিয়ন্ত্রণকারী গেরিলারা জানিয়েছে। সকোত্রা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে জাহাজটি ডুবেছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ জাহাজ ও যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
হাথরামাউত প্রদেশটি এখন পলাতক সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি ও সৌদি আরব সমর্থিত গেরিলারা নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে।
আরেকটি সূত্র জানিয়েছে, জাহাজডুবির ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সৌদি বিমান হামলা শুরুর পর দেশটির বিভিন্ন শহর ও দ্বীপগুলোর মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে দ্বীপগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌযান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭