রাশিয়া-তুরস্ক চুক্তি; অস্ত্র জমা দিয়ে আলেপ্পো ছাড়ছে সন্ত্রাসীরা
সিরিয়ার আলেপ্পো শহরে গত ২৪ ঘণ্টায় ৩৬৬ সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে এবং তারা তাদের অস্ত্র জমা দিয়েছে। এছাড়া, অন্তত ৬,০০০ বেসামরিক নাগরিক পূর্ব আলেপ্পো থেকে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এসব কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্ক ও রাশিয়ার মধ্যে সই হওয়া চুক্তির আওতায় সন্ত্রাসীরা আজ সকাল থেকে অস্ত্র জমা দিয়ে আলেপ্পো হতে চলে যেতে শুরু করেছে। তবে সন্ত্রাসীদের কোনো কোনো গ্রুপ সকালের দিকে হামলা শুরু করলে সিরিয়ার সেনারা তা ব্যর্থ করে দেয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সন্ত্রাসীরা সরকারি সেনাদের নিয়ন্ত্রণে থাকা অংশে রকেট হামলা চালালে সাতজন নিহত ও আরো কয়েকজন আহত হয়। এ অবস্থায় সরকারি সেনারা সন্ত্রাসীদের আলেপ্পো ছাড়ার চুক্তি স্থগিত করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলেপ্পোর কিছু এলাকা এখনো সন্ত্রাসীদের দখলে রয়েছে এবং সরকারি সেনারা অভিযান চালাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলেপ্পো একদম পুরোপুরি মুক্ত হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪