মসুলে সন্ত্রাসীদের নেতৃত্বে রয়েছে কিছু দেশের সেনা কমান্ডার: আম্মার হাকিম
https://parstoday.ir/bn/news/west_asia-i29200-মসুলে_সন্ত্রাসীদের_নেতৃত্বে_রয়েছে_কিছু_দেশের_সেনা_কমান্ডার_আম্মার_হাকিম
ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান সাইয়্যেদ আম্মার হাকিম বলেছেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা ও সামরিক কমান্ডারেরা মসুলে সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে এবং এ সংক্রান্ত দলিল-প্রমাণ প্রকাশ করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ১৬:৪৯ Asia/Dhaka
  • আম্মার হাকিম
    আম্মার হাকিম

ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান সাইয়্যেদ আম্মার হাকিম বলেছেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ থেকে এটা স্পষ্ট মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা ও সামরিক কমান্ডারেরা মসুলে সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছে এবং এ সংক্রান্ত দলিল-প্রমাণ প্রকাশ করা হবে।

আজ (রোববার) আইআরআইবি'র সাংবাদিককে তিনি আরও বলেছেন, মসুল ছাড়াও আরও কয়েকটি শহরে সন্ত্রাসীদের দিক-নির্দেশনা দিচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু দেশের সামরিক কমান্ডারেরা। এ সংক্রান্ত প্রমাণ তাদের কাছে রয়েছে বলে তিনি জানান।

মধ্যপ্রাচ্যে মার্কিনসহ বিদেশি সেনা উপস্থিতির সমালোচনা করে তিনি বলেন, এসব সেনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে অনিরাপত্তা বৃদ্ধি করছে।

ইরাকে স্বেচ্ছাসেবী গণবাহিনী 'হাশদ আশ-শাবি' গঠনের প্রশংসা করে তিনি বলেন, স্বেচ্ছাসেবী বাহিনী 'হাশদ আশ-শাবি' জাতীয় সশস্ত্র বাহিনীর মর্যাদা পেয়েছে। এ বাহিনীতে শিয়া-সুন্নি, কুর্দি, ইজাদি, তুর্কমেন ও খ্রিস্টানসহ সব মাজহাব ও সম্প্রদায়ের লোক রয়েছে। প্রকৃতপক্ষে এ বাহিনী এখন জাতীয় মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। 

 এ বাহিনী সম্পর্কে দেশের সংসদের সিদ্ধান্তের বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

'হাশদ আশ-শাবি' প্রথমে স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি দেশটির সংসদ এ বাহিনীকে জাতীয় সশস্ত্র বাহিনী হিসেবে স্বীকৃতি দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫