দায়েশমুক্ত ইরাকের পরিচালনা নিয়ে ঐকমত্যে শিয়া ও সুন্নি জোট
ইরাকের সংসদের বৃহত্তম শিয়া এবং সুন্নি জোট দায়েশ নিমূর্লের পর দেশ পরিচালনার সম্ভাব্য রূপরেখা নিয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে।
তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ নিশ্চিতভাবেই ইরাক থেকে উৎখাত হওয়ার পথে রয়েছে এবং দেশটি শিগগিরই এ সমস্যা মুক্ত হবে বলে দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়েছে। শিয়া ন্যাশনাল অ্যালায়েন্স বা আইএনএ এবং ইরাকি ফোর্সেস কোয়ালিশন বা আইএফসি নামের জোট দু'টি দেশ পরিচালনা সংক্রান্ত চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
স্পিকার সেলিম জাবোরির বাসভবনে এ বিষয়ে উভয়পক্ষের বৈঠক হয়েছে। জাবোরির বরাত দিয়ে বলা হয়েছে, বিজয়ীপক্ষের একক ভাবে সব সুযোগ-সুবিধা হাতিয়ে নেয়ার মানসিকতা পরিত্যাগ করার গুরুত্ব বুঝতে পেরেছে উভয়পক্ষ।
এছাড়া, ২০১৪ সাল থেকে দায়েশের সন্ত্রাসে বিধ্বস্ত ইরাককে গড়ে তুলতে সমতা ভিত্তিক আচরণ, আপোস এবং সহযোগিতার প্রয়োজনও অনুভব করেছে উভয়পক্ষ।
এদিকে, ইরাকে দায়েশের শেষ শক্তিশালী অবস্থান রয়েছে মসুলে। দায়েশকে মসুল থেকে হটাতে ইরাকের যৌথ স্বেচ্ছাসেবক এবং সামরিক বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি মঙ্গলবার বলেছেন, দেশটিকে দায়েশ বা আইএসআইএল মুক্ত করতে আর মাত্র তিন মাস সময় লাগবে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০