মসুলের কাছে একটি অঞ্চল মুক্ত করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী
ইরাকের নিরাপত্তা বাহিনী মসুল শহরের কাছের একটি অঞ্চলকে মুক্ত করেছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে এ নগরী মুক্ত করার জন্য নতুন করে অভিযান জোরদারের তৃতীয় দিনে এ অঞ্চলটি মুক্ত করা হলো।
কুদস নামের এলাকাটি আজ (শনিবার) মুক্ত হয়েছে। দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আটক ওই এলাকার এক নারী নিজ প্রচেষ্টায় মুক্তি লাভ করেছেন। এই নারীই কুদস মুক্ত অভিযানে তথ্য দিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করেছেন।
২০১৪ সালে নিজ শহর সিনজার থেকে ৪২ বছর বয়সী নারীকে অপহরণ করা হয়েছিল। পরে তাকে কুদসে নিয়ে আটক রাখা হয়। কিন্তু ইরাকি নিরাপত্তা বাহিনী এগিয়ে আসার সাথে সাথেই অপহরণকারীরা গা ঢাকা দিলে এ নারী সেখান থেকে সরে পড়েন।
মুক্ত এ নারীর পরিচয় গোপন রেখে ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনী সিটিএস’র কমান্ডার মেজর জেনারেল মান সা’দি বলেন, তার দেয়া তথ্য কুদস মুক্ত করতে ইরাকি বাহিনীকে ব্যাপক সহায়তা করেছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের আগস্টে সিনজার শহর দখল করেছিল। দখল করার পর সেখানে গণহত্যা ও ধর্ষণ চালানোর পাশাপাশি অনেক বন্দিকে দাসে পরিণত করেছিল তারা। গত বছরের ১৩ নভেম্বর এ শহর মুক্ত করে পেশমার্গা বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/৩১