ইরাকে দায়েশের বধ্যভূমি থেকে ৮০টি দেহাবশেষ উদ্ধার
ইরাকের ফরেনসিক বিশেষজ্ঞরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি বধ্যভূমি থেকে প্রায় ৮০টি দেহাবশেষ উদ্ধার করেছেন। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনে ২০১৪ সালের জুনে এ হত্যাকাণ্ড চালিয়েছিল দায়েশ।
মানবাধিকার বিশেষজ্ঞ ফজল আল-কারাভি আরবি ভাষার আল-ফোরাত সংবাদ সংস্থাকে বলেন, ইরাকের শহীদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ৮০টি দেহাবশেষ উদ্ধার করেছেন। রাজধানী বাগদাদের ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তিকরিতে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের প্রাসাদের ভেতরে এ এলাকাটি অবস্থিত। দজলা নদীর তল থেকে এসব দেহাবশেষ উদ্ধার করেছে ডুবুরিরা। পরে এসব দেহাবশেষকে ডিএনএ পরীক্ষা সংক্রান্ত প্রাদেশিক ফরেনসিক বিজ্ঞান বিভাগে নেয়া হবে।
স্পিচার বিমান ঘাঁটি থেকে ইরাকি বিমান বাহিনীর ১,৭০০ ক্যাডেটকে অপহরণ করে তাদের হত্যা করেছিল দায়েশ। সাদ্দামের সাবেক প্রাসাদে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। হামলার সময় ঘাঁটিতে নিরস্ত্র ৪,০০০ ক্যাডেট ছিল। হত্যার পর অনেক হতভাগ্যের লাশ নদীতে ফেলে দেয় দায়েশ।
পৈশাচিক সে হত্যাকাণ্ডের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করেছিল দায়েশ। পরবর্তীতে একটি তদন্ত কমিটি বলেছে, তাকফিরিদের হত্যাকাণ্ডে সহায়তা করেছিল সাদ্দামের বাথ পার্টির ৫৭ জন সদস্য।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ইরাকি বিচার বিভাগ ২০১৬ সালের ২১ আগস্ট ৩৬ ব্যক্তির ফাঁসি কার্যকর করেছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৪