সিরিয়ায় ২০০ সন্ত্রাসীর অস্ত্র সমর্পণ; সেনাবাহিনীতে যোগদান
-
সিরিয়ার সন্ত্রাসীদের ফাইল ফটো
সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশের কয়েকটি এলাকা থেকে প্রায় ২০০ সন্ত্রাসী অস্ত্র সমর্পণ করেছে এবং তারা দেশটির সেনাবাহিনীতে যোগ দিয়েছে। একইসঙ্গে তারা এ প্রতিজ্ঞা করেছে যে, মাতৃভূমির ক্ষতি হয় এমন কোনো কাজ আর করবে না।
স্থানীয় সংহতি কমিটির সভাপতি মুমেন জারিদা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুনেইত্রা ও দারা প্রদেশেও পুনঃএকত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। দেশের সংকট সমাধানে সিরিয়ার সরকার যে আন্তঃসিরিয় সংলাপের উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে এসব প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ প্রক্রিয়ায় প্রায় ১,২০০ সন্ত্রাসী তাদের অস্ত্র সমর্পণ করবে বলে আশা করা হচ্ছে।
সিরিয়ার আইন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, পুনঃএকত্রীকরণ প্রক্রিয়ার আওতায় ২০১৬ সালে দেশটিতে ৪,৭৪৬ জন সন্ত্রাসী তাদের অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছে। গত কয়েক সপ্তাহে সিরিয়ায় কয়েক হাজার সন্ত্রাসী অস্ত্র ছেড়ে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছে। গত বছরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ ক্ষমা ঘোষণা করেছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬