সংলাপ নিয়ে আশাবাদী তবে পরিস্থিতির জন্য ফ্রান্সও দায়ী: আসাদ  
https://parstoday.ir/bn/news/west_asia-i30445-সংলাপ_নিয়ে_আশাবাদী_তবে_পরিস্থিতির_জন্য_ফ্রান্সও_দায়ী_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন শান্তি আলোচনার বিষয়ে তিনি আশাবাদী। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিদেশী মদদপুষ্ট কথিত বিরোধী গোষ্ঠী এ সংলাপে অংশ নেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৮, ২০১৭ ২০:১৮ Asia/Dhaka
  • ফরাসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট বাশার আসাদ (বোমে)
    ফরাসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট বাশার আসাদ (বোমে)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন শান্তি আলোচনার বিষয়ে তিনি আশাবাদী। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিদেশী মদদপুষ্ট কথিত বিরোধী গোষ্ঠী এ সংলাপে অংশ নেবে।

দামেস্ক সফররত ফ্রান্সের সংসদ সদস্য ও বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ (রোববার) সাক্ষাতের সময় প্রেসিডেন্ট আসাদ তার আশার কথা জানান। তিনি বলেন, ৯১টি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করতে দামেস্ক প্রস্তুত রয়েছে। আসাদের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। প্রেসিডেন্ট আসাদ আরো বলেছেন, তিনি এ সংলাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চলতি মাসে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য বাশার আসাদ ফ্রান্সকে দায়ী করেন। তিনি বলেন, ফরাসি সরকার সিরিয়ার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অবস্থায় ফ্রান্সের অনুসৃত নীতি ও সন্ত্রাসীদের প্রতি প্যারিসের সমর্থনের কারণে সিরিয়া পরিস্থিতি আরো খারাপ হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮