ইরাকের মসুলের মুক্ত অঞ্চলের পানি সরবরাহ লাইন কেটে দিল দায়েশ
ইরাকের নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের মুক্ত অঞ্চলের পানির সরবরাহ লাইন কেটে দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল। ইরাকের আল-সুমারিয়া নিউজ নিনেভা প্রদেশের পদস্থ সরকারি কর্মকর্তা হিসাম উদ্দিন আল-ইবারের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
হিসাম উদ্দিন আজ (মঙ্গলবার) বলেছেন, মসুলের অন্তত ৩০টি এলাকার পানি সরবরাহ লাইন কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এর ফলে সেখানে বিশুদ্ধ পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। যে দু'টি এলাকা থেকে পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হতো তা এখনও সন্ত্রাসীদের দখলে রয়েছে বলে জানা গেছে।
এর আগে দেখা গেছে, সন্ত্রাসীরা পরাজয়ের প্রতিশোধ নিতে পানির সরবরাহ লাইন কেটে দেয়। এর ফলে বেসামরিক লোকজন মারাত্মক সমস্যায় পড়ে। সিরিয়ার আলেপ্পো শহরেও পানির সরবরাহ লাইন কেটে দিয়েছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০