৩ শিয়া কর্মীকে মৃত্যুদণ্ড কার্যকর করল বাহরাইনের রাজতান্ত্রিক সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i31021-৩_শিয়া_কর্মীকে_মৃত্যুদণ্ড_কার্যকর_করল_বাহরাইনের_রাজতান্ত্রিক_সরকার
বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ও ২০১৪ সালের কথিত বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে দেশটির তিনজন শিয়া কর্মীকে আজ (রোববার) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জনগণের ব্যাপক প্রতিবাদ উপেক্ষা করেই সরকার এ পদক্ষেপ নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ১৩:৫৯ Asia/Dhaka
  • ৩ শিয়া কর্মীকে মৃত্যুদণ্ড কার্যকর করল বাহরাইনের রাজতান্ত্রিক সরকার

বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ও ২০১৪ সালের কথিত বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে দেশটির তিনজন শিয়া কর্মীকে আজ (রোববার) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জনগণের ব্যাপক প্রতিবাদ উপেক্ষা করেই সরকার এ পদক্ষেপ নিল।

তিন কর্মীকে মৃত্যুদণ্ড দেয়ার পর দিরাজ, বানি জামরা ও সানাবিস নামে তিনটি গ্রামে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। রাজতান্ত্রিক সরকারের নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে বহুসংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছেন।

বাহরাইনের মিরর নিউজ ওয়েবসাইটের খবর অনুযায়ী, সরকারের পক্ষ থেকে ওই তিন কর্মীর লাশ ফেরত দিতে অস্বীকার করেছে। এছাড়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন কর্মীর জন্য দাফন অনুষ্ঠান করতে দেয় নি সরকারি বাহিনী। তিন কর্মীর মৃত্যুদণ্ড দেয়ার আগে শনিবার থেকে বিক্ষোভকারীরা সমাবেশ শুরু করেন এবং রোববার পর্যন্ত তা চলে। পরে তারা রাজধানী মানামা পর্যন্ত যান এবং সেখান থেকে পশ্চিমাঞ্চলীয় গ্রাম নুওয়াইদ্রাত ও আদ-দায়িরে গিয়ে ফজরের নামায আদায় করেন।

গত ৯ জানুয়ারি বাহরাইনের আদালত সামি মুশাইমা, আব্বাস জামিল তাহির আস-সামি ও আলী আবদুল হাশিদ আস-সিনগাসের মত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়। এ তিন তরুণের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের এক সেনা হত্যার অভিযোগ আনা হয়। এ মামলায় আরো সাতজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। আমিরতারে ওই সেনা বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত ছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫