বায়তুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরিত হলে জাহান্নামের দরজা খুলে যাবে: ফাতাহ
ফিলিস্তিনের মুক্তি ফ্রন্ট ফাতাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) সরিয়ে আনা হলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। ফাতাহর মুখপাত্র আসামা আল কাউয়াসেমি এক বিবৃতিতে এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, মার্কিন দূতাবাস বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের অর্থ হলো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টির সব সম্ভাবনাকে কবর দেয়া। ফাতাহ'র মুখপাত্র বলেন, সব আন্তর্জাতিক আইন ও ইশতেহার অনুযায়ী বায়তুল মোকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী।
ফিলিস্তিনের রাজধানীকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে তিনি জানান। আসামা আল কাউয়াসেমি বলেন, ফিলিস্তিনের জনগণ যে কোনো মূল্যে তাদের অধিকার এবং ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করবে।
ইসরাইলি পত্রিকা হারেৎজ সম্প্রতি লিখেছে, হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কিছু দিনের মধ্যেই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মোকাদ্দাসে স্থানান্তরের ঘোষণা দেবেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫