সিরিয়ায় সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে আমেরিকা: রিপোর্ট
-
মার্কিন বিমান থেকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে (ফাইল ফটো)
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাকা প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসীদের কাছে অস্ত্র, গোলাবারুদ ও অন্য সরঞ্জাম সরবরাহের মাত্রা বাড়িয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন দৈনিক ইউএসএ টুডে’র এক রিপোর্ট থেকে এ খবর জানা গেছে।
মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কার্লটন এভারহার্ট পত্রিকাটিকে বলেছেন, “রাকা মুক্ত করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় আমাদের মিত্র যোদ্ধাদের কাছে বিমান থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্য সামরিক সরঞ্জাম সরবরাহের মাত্রা বাড়িয়েছি।”
মার্কিন জেনারেল দায়েশ-বিরোধীদের কাছে বিমান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের কথা বললেও সিরিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন বিমান থেকে এসব অস্ত্র ফেলার মানেই হচ্ছে তা সন্ত্রাসীদের হাতে যাচ্ছে; অথচ চরম প্রতিকূল অবস্থার মধ্যে তাদের কাছে স্থল পথে অস্ত্র সরবরাহ প্রায় বন্ধ হওয়ার পর্যায়ে ছিল। ইউএসএ টুডে’র রিপোর্টে বলা হয়েছে- গত বছরে সিরিয়ায় গেরিলাদেরকে আমেরিকা ১৬ বার বিমান থেকে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে; এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই দেয়া হয়েছে ছয় বার। এ ধরনের গোলাবারুদ সরবরাহকে মার্কিন কর্মকর্তারা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন।
মার্কিন সরকার সিরিয়ার কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদেরকে গেরিলা মনে করে এবং তাদের কাছে অস্ত্র দিচ্ছে কিন্তু সেসব অস্ত্র চূড়ান্তভাবে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের কাছে চলে যায়। প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রে কোনো মধ্যপন্থি গেরিলা বলে কিছু নেই। এছাড়া, গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে যে, আমেরিকার সরবরাহ করা অস্ত্র দায়েশের কাছে যাচ্ছে না তার নিশ্চয়তা নেই।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭