পূর্ব মসুল এখন সম্পূর্ণ মুক্ত: ইরাকি প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির বক্তব্য প্রচার করছে ইরাকি টিভি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি পূর্ব মসুল শহরকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করেছেন। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তার এ বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। তিনি জোর দিয়ে বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিদেশি কোনো সেনা অংশ নিতে পারবে না।
এবাদি বলেন, ইরাকের নিরাত্তা বাহিনীর সব বিভাগের অসামান্য বীরত্ব ও দেশের জনগণের একনিষ্ঠ সমর্থনের কারণে পূর্ব মসুল মুক্ত করা সম্ভব হয়েছে। তিনি দ্রুত মুসলের অন্যান্য এলাকা পুনরুদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান। মসুলের পশ্চিমাংশ মুক্ত করতে কত সময় লাগবে- বার্তা সংস্থা এপি’র এমন এক প্রশ্নের জবাবে এবাদি বলেন, “আমি এখনই তা বলতে পারব না, তবে আমরা এ কাজ করতে সক্ষম এবং আমরা তা করবও।”
এদিকে, সোমবার নেইনাভা প্রদেশ মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির রাশিদ ইয়ারাল্লাহ উত্তর মসুলের চারটি গ্রাম মুক্ত করার কথা ঘোষণা করেন। এসব গ্রামে ইরাকের জাতীয় পাতাকা উত্তোলন করা হয়েছে।
অক্টোবর মাসের দিক থেকে মসুল শহর মুক্তির জন্য ইরাকি বাহিনী অভিযান শুরু করে। তবে মাঝে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তীব্র প্রতিরোধের মুখে কিছুদিনের জন্য অভিযানে বিরতি দিয়ে আবার শুরু হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, মুসলের পশ্চিমাংশ উদ্ধারের জন্য ইরাকি বাহিনী পরিকল্পনা নিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪