পূর্ব মসুলে ফিরতে শুরু করেছে শত শত শরণার্থী পরিবার
https://parstoday.ir/bn/news/west_asia-i31797-পূর্ব_মসুলে_ফিরতে_শুরু_করেছে_শত_শত_শরণার্থী_পরিবার
ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে সদ্য মুক্ত পূর্ব মসুলে শত শত শরণার্থী পরিবার ফিরতে শুরু করেছে। অবশ্য, কয়েক দিনের মধ্যে আশ্রয় শিবির ছেড়ে শরণার্থীদের ফেরার হার আরো ব্যাপক ভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৭ ০৭:০৭ Asia/Dhaka
  • পূর্ব মসুল মুক্ত হওয়ায় আনন্দে উল্লাস করছে ইরাকের কমান্ডো বাহিনীর সদস্যরা
    পূর্ব মসুল মুক্ত হওয়ায় আনন্দে উল্লাস করছে ইরাকের কমান্ডো বাহিনীর সদস্যরা

ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কবল থেকে সদ্য মুক্ত পূর্ব মসুলে শত শত শরণার্থী পরিবার ফিরতে শুরু করেছে। অবশ্য, কয়েক দিনের মধ্যে আশ্রয় শিবির ছেড়ে শরণার্থীদের ফেরার হার আরো ব্যাপক ভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইরাকি বাহিনী সম্প্রতি পূর্বাঞ্চলীয় মসুল নগরীকে পুরোপুরি মুক্ত করেছে। দায়েশ কবলিত এ নগরী থেকে হাজার হাজার মানুষ প্রাণের ভয়ে ভেগে যেতে বাধ্য হয়েছিল।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক লাখ ৮০ হাজারের বেশি ইরাকি বাস্তুভিটা ছেড়ে মসুল ত্যাগে বাধ্য হয়েছিল। অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে মসুল মুক্ত করার অভিযান শুরুর পর এ সব মানুষ মসুল ছাড়তে বাধ্য হয়।  অন্তত ২২ হাজার ইরাকি এরই মধ্যে পূর্ব মসুলে তাদের ঘরবাড়িতে ফিরে এসেছে বলে একই হিসাবে বলা হয়েছে।

এ সব শরণার্থীদের অনেকেরই স্বজন বা প্রিয়জন দায়েশের হাতে নির্মম ভাবে নিহত হয়েছে। এ ছাড়া, অনেকেরই ঘরবাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা তারা হারিয়েছে সহায় সম্বল। এ সত্ত্বেও ফিরে আসা মানুষগুলো মু্ক্ত নগরীতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬