ইরাক: বছরের প্রথম মাসেই সন্ত্রাসী হামলায় হতাহত ১৩২৭
https://parstoday.ir/bn/news/west_asia-i32429-ইরাক_বছরের_প্রথম_মাসেই_সন্ত্রাসী_হামলায়_হতাহত_১৩২৭
চলতি ২০১৭ সালের প্রথম মাসেই ইরাকে সন্ত্রাসীদের হামলায় ৪০৩ জন নিহত ও ৯২৪ জন আহত হয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এ তথ্য দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ২০:১৮ Asia/Dhaka
  • ক্ষতবিক্ষত ইরাক (ফাইল ফটো)
    ক্ষতবিক্ষত ইরাক (ফাইল ফটো)

চলতি ২০১৭ সালের প্রথম মাসেই ইরাকে সন্ত্রাসীদের হামলায় ৪০৩ জন নিহত ও ৯২৪ জন আহত হয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআই এ তথ্য দিয়েছে।

জানুয়ারি মাসে ইরাকে বেসামরিক মানুষ মারা গেছে ৩৮২ জন এবং বেসামরিক নাগরিক আহত হয়েছে ৯০৮ জন। তবে ইরাকের বাগদাদ প্রদেশ সন্ত্রাসবাদের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে ৫৭২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১২৮ জন এবং আহত হয়েছে ৪৪৪ জন। এরপরেই রয়েছে নেইনাভা প্রদেশ। সেখানে নিহত হয়েছে ১৮৭ জন ও আহত হয়েছে ২৮৫ জন।

এছাড়া, সালাহউদ্দিন প্রদেশে মারা গেছে ৩০ জন আর আহত হয়েছে ৪৫ জন। ইউএনএএমআই’র দেয়া তথ্য অনুযায়ী, আনবার প্রদেশে মোট ১৪৩ জন হতাহত হয়েছে যার মধ্যে মারা গেছে ২২ জন এবং আহত হয়েছে ১২১ জন।

এসব হতাহতের বেশিরভাগই ঘটেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বোমা হামলায়। এসব হামলা হয়েছে বিভিন্ন মার্কেট ও আবাসিক এলাকাগুলোতে। হতাহতদের মধ্যে বহুসংখ্যক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। তবে দায়েশের বর্বর হত্যাযজ্ঞ ও হামলার পরও ইরাকের জনগণের মনোবল অটুট রয়েছে বলে ইউএনএএমআই’র রিপোর্টে দাবি করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫