দায়েশের বিরুদ্ধে মার্কিন বাহিনীর লড়াই প্রতারণায় ভরপুর: আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের লড়াইকে প্রতারণাপূর্ণ বলে অভিহিত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সঙ্গে তিনি এও বলেছেন, জোটের অভিযানের সময় সন্ত্রাসীরা বরং আরো শক্তি অর্জন করেছে এবং তাদের অবস্থান জোরদার করেছে।
একদল বেলজিয়াম সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে আসাদ দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতির প্রতি সন্দেহ প্রকাশ করেন। সিরিয়ার বার্তা সংস্থা সানা আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে এবং নির্বাচিত হওয়ার পর সন্ত্রাসীদের বিশেষ করে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করার যে প্রতিশ্রুতি দিচ্ছেন সে বিষয়টি আমরা গত ছয় বছর ধরে বলে আসছি। তবে এ বিষয়ে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এবং আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
দায়েশের বিরুদ্ধে আমেরিকা-রাশিয়ার সমন্বিত লড়াই ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, 'আমরা মনে করি, এই ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সহযোগিতা সিরিয়াসহ পুরো বিশ্বের জন্য ইতিবাচক ফলাফল বয়ে নিয়ে আসবে। তাই আমি বলছি, এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না।'
প্রেসিডেন্ট আসাদ বলেন, দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন অভিযানগুলো সিরিয়ার জন্য অস্তিত্বমান কোনো উপকার বয়ে নিয়ে আসেনি। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, তারা ছিল অবৈধ এবং সিরিয়ার অভ্যন্তরে দায়েশের বিরুদ্ধে অভিযানে দামেস্ক সরকারের কোনো পরামর্শ বা অনুমতির তোয়াক্কা করা হয় নি।#
পার্সটুডে/বাবুল আখতার/৭