ইরাকের দায়েশ বিরোধী স্বেচ্ছাসেবক বাহিনীর শীর্ষ কমান্ডার নিহত
-
কাতা’ইব হিজবুল্লাহ’র শীর্ষ কমান্ডার বাসেম আস-সাফি
ইরাকের সরকারপন্থী স্বেচ্ছাসেবক বাহিনী কাতা’ইব হিজবুল্লাহ’র শীর্ষ কমান্ডার বাসেম আস-সাফি অজ্ঞাত পরিচয় একদল বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ইরাকের তেলসমৃদ্ধ বসরা নগরীতে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।
একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরবিভাষী সংবাদ সংস্থা মাওয়াজিন জানায়, গত সন্ধ্যায় গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর মারাত্মকভাবে আহত হয়েছিলেন বাসেম। এ সূত্রটি আরো জানায়, হাসপাতালে নেয়ার পর বসরা প্রাদেশিক পরিষদের সাবেক এই প্রতিনিধি মারা যান।
এছাড়া, কাতা’ইব হিজবুল্লাহ কমান্ডারের অপর এক সহযোগী এ হামলায় আহত হয়েছেন।
ইরাকের স্বেচ্ছাসেবক বাহিনী হাশ্দ আশ-শা’বির অন্যতম সহযোগী গোষ্ঠী কাতা’ইব হিজবুল্লাহ। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে মসুল নগরী মুক্ত করার চলমান যুদ্ধে ইরাকি সেনাবাহিনী এবং কুর্দি পিশমার্গা বাহিনীর সঙ্গে যৌথ লড়াই অব্যাহত রেখেছে হাশ্দ আশ-শা’বি।#
পার্সটুডে/মূসা রেজা/৯