ইয়েমেনে দাফন অনুষ্ঠানে সৌদি বিমান হামলা: ৬ নারী নিহত
-
ইয়েমেনে সৌদি বিমান হামলার ভয়াবহতা (ফাইল ছবি)
ইয়েমেনের রাজধানী সানার একটি দাফন অনুষ্ঠানে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ছয় নারী নিহত হয়েছে। দেশটির আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বুধবার সানা’র আহরাব এলাকায় চালানো ওই হামলায় আরো ১০ ব্যক্তি আহত হয়েছে।
ইয়েমেনের দাফন অনুষ্ঠানে এর আগেও পাশবিক হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৬ সালের অক্টোবরে সানায় সৌদি হামলায় নিহতদের জানাযার নামাজে আবার ভয়াবহ বিমান হামলা চালায় রিয়াদ। এতে অন্তত ১৪০ ব্যক্তি নিহত ও ৫২০ জন আহত হয়।
৮ অক্টোবর নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযার নামাজে প্রথম হামলা চালায় সৌদি জঙ্গিবিমান। এ সময় আহত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। উদ্ধারকর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে এলে আরেকদফা বোমাবর্ষণ করে বর্বর সৌদি বিমান বাহিনীর সদস্যরা।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা শুরু করে সৌদি আরব। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানো এবং হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে এই হামলা চালাচ্ছে রিয়াদ। কিন্তু প্রায় দুই বছরের সামরিক অভিযানে ১০,০০০ মানুষকে খুন করা ছাড়া আর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদি আরব।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬