মসুলের স্বঘোষিত গভর্নরসহ দায়েশের বহু কমান্ডার নিহত
ইরাকি বিমান বাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থানে বোমা বর্ষণ করলে তাকফিরি দায়েশের কয়েক ডজন সদস্য নিহত হয়েছে। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর দিয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ইরাকি জঙ্গিবিমান গতকাল বুধবার মসুলের কাছে সন্ত্রাসীদের অবস্থানে বোমা বর্ষণ করলে ১৫ দায়েশ সন্ত্রাসী নিহত হয়। ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। ইরাকি বাহিনীর অভিযানে দায়েশের একটি কমান্ড সেন্টারের পাশাপাশি তাদের ব্যবহৃত বহু টানেল ধ্বংস হয়েছে। দায়েশ এসব টানেল ব্যবহার করে বছরের পর বছর ইরাকি বাহিনীর ওপর অতর্কিত হামলা চালাত।
ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড জানিয়েছে, মসুলের পূর্ব উপকণ্ঠে একটি গাড়ি জঙ্গিবিমান হামলার কবলে পড়লে ওই গাড়িতে থাকা সন্ত্রাসীদের বহু কমান্ডার নিহত হয়। নিহতদের মধ্যে দায়েশ নিয়ন্ত্রিত মসুলের স্বঘোষিত গভর্নর হাক্কি এসমায়েল ওবাইয়েদ ছাড়াও দায়েশের গোয়েন্দা বিষয়ক প্রধান আবু মাহা রয়েছেন বলে কমান্ড সেন্টার জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬