মসুলের পশ্চিম অংশ দায়েশমুক্ত করার অভিযান শুরু হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i33218-মসুলের_পশ্চিম_অংশ_দায়েশমুক্ত_করার_অভিযান_শুরু_হয়েছে_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের গোলযোগপূর্ণ মসুল শহরের পশ্চিম অংশ উগ্র তাকফিরি দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ব্যাপক ভিত্তিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১৪:২০ Asia/Dhaka
  • ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের গোলযোগপূর্ণ মসুল শহরের পশ্চিম অংশ উগ্র তাকফিরি দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার করার লক্ষ্যে ব্যাপক ভিত্তিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।

আজ (রোববার) সকালে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় এবাদি বলেন, দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে জনগণকে উদ্ধার করার লক্ষ্যে আমাদের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে।

তিনি বলেন, 'আমরা নতুনভাবে অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি। মসুলের পশ্চিম অংশ নেইনাভা মুক্ত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি।' অভিযান শুরুর আগে স্থানীয় জনগণকে সতর্ক করার লক্ষ্যে ইরাকি জঙ্গিবিমান থেকে লিফলেট ফেলার একদিন পর প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ মন্তব্য করেন।

মসুলের পশ্চিম অংশে সন্ত্রাসীরা অবরুদ্ধ হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, ছয় লাখ ৫০ হাজার বেসামরিক নাগরিক ওই এলাকায় আটকা পড়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। দায়েশ সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এদিকে, অভিযান শুরুর পর ইরাকি বাহিনী মসুলের দক্ষিণ-পশ্চিম অংশে তিনটি গ্রাম এবং একটি বিদ্যুৎ কেন্দ্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯