পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় কাতার
-
জেনারেল কামার জাভেদ বাজওয়া
পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছে কাতার। কাতারের প্রতিরক্ষামন্ত্রী ড. খালিদ বিন মোহাম্মদ আলে আতিয়েহ্র সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বৈঠকের সময় দোহার পক্ষ থেকে এ ইচ্ছা ব্যক্ত করা হয়। জেনারেল বাজওয়া গতকাল সরকারি সফরে কাতার গেছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বাজওয়া এবং আলে আতিয়েহ্র বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং কাতার-পাকিস্তান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আতিয়েহ্র পক্ষ থেকে পাকিস্তান-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। জবাবে বাজওয়া বলেন, পাক-কাতার প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া, কাতারের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) গানিম বিন শাহিন আলে গানিমের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেনারেল বাজওয়া।#
পার্সটুডে/মূসা রেজা/৭