‘সিরিয়ায় মার্কিন হামলা সন্ত্রাসীদের জন্য সুফল বয়ে আনবে না’
-
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি(বামে) এবং তার সিরিয় সমকক্ষ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব
ইরান ও সিরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার একটি বিমান ঘাঁটির বিরুদ্ধে মার্কিন বিমান হামলা দেশটির সন্ত্রাসীদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। সন্ত্রাসী ও তাদের মিত্ররা চূড়ান্ত পরাজয়ের মুখে রয়েছে বলেও উল্লেখ করেন তারা।
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং তার সিরিয় সমকক্ষ জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুব ফোনালাপের সময় এ সব কথা বলেন। তারা আরো বলেন, সন্ত্রাসী এবং তাদের পরাজিত মিত্রদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে হামলা করেছে আমেরিকা।
সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলাকে কঠোর ভাষায় নিন্দা করেন জেনারেল বাকেরি। তিনি একে স্বাধীন এবং সার্বভৌম দেশের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দেন।
এ ছাড়া যে রাসায়নিক হামলা অজুহাতে এ হামলা চালানো হয়েছে তাকে সন্দেহজনক এবং সিরিয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১০