আলেপ্পোতে আরো কিছু এলাকা পুনর্দখল করল সিরিয় বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী দেশটির কৌশলগত উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সম্প্রতি বড় ধরনের সাফল্য পেয়েছে। দায়েশের সর্বশেষ ঘাঁটি হিসেবে পরিচিত প্রদেশটির সন্নিকটে অবস্থিত দুটি গ্রাম এবং কয়েকটি এলাকা সিরিয় বাহিনী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে।
আলেপ্পোর পূর্ব উপকণ্ঠে অবস্থিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মাসকানাহ শহর থেকে চার কিলোমিটার দুরে অবস্থিত আল জারাহ সামরিক বিমান ঘাঁটির কাছে অভিযান চালিয়ে সিরিয় বাহিনী এসব গ্রাম এবং এলাকা পুনর্দখল করেছে বলে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' আজ (বৃহস্পতিবার) জানিয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, সিরিয় বিমান বাহিনীর হামলার মুখে সন্ত্রাসীরা ওই এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে দায়েশের পক্ষে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে সক্ষম হয় নি সংস্থাটি।
২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় চরম অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কিছু আঞ্চলিক এবং বাইরের দেশের মদদে তাকফিরি দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী দামেস্ক সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা গত আগস্টে জানিয়েছেন, দেশটিতে আভ্যন্তরীণ সংঘর্ষে এখন পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮