কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সৌদিসহ ৪ আরব দেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i39426-কাতারের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করল_সৌদিসহ_৪_আরব_দেশ
কাতারের সঙ্গে চারটি আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সৌদি আরব প্রথম বাকি তিন দেশ পরে এ ঘোষণা দেয়। সন্ত্রাসবাদকে সমর্থন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথিত অভিযোগ এনে আজ(সোমবার) এ পদক্ষেপ গ্রহণ করে চার আরব দেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৭ ০৮:১৯ Asia/Dhaka
  • কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সৌদিসহ ৪ আরব দেশ

কাতারের সঙ্গে চারটি আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন সব ধরণের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সৌদি আরব প্রথম বাকি তিন দেশ পরে এ ঘোষণা দেয়। সন্ত্রাসবাদকে সমর্থন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথিত অভিযোগ এনে আজ(সোমবার) এ পদক্ষেপ গ্রহণ করে চার আরব দেশ।

পাশাপাশি ইয়েমেনে আগ্রাসনে জড়িত সৌদি নেতৃত্বাধীন ‘জোট থেকেও কাতারের সদস্যপদ বাতিল করা হয়েছে। সন্ত্রাসবাদকে জোরদার এবং এর সঙ্গে জড়িত ইয়েমেনের গোষ্ঠীগুলিকে কথিত সমর্থন দেয়ার অভিযোগে এ ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক ছাড়াও কাতারের সঙ্গে ভূমি, সমুদ্রসীমা ও আকাশসীমার সব যোগাযোগ ছিন্নের ঘোষণা দিয়েছে সৌদি আরব। কাতারের সমুদ্র ও আকাশসীমাসহ সব যোগাযোগ বন্ধ করার পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেছে সৌদি আরবের অনুগত দেশ বাহরাইন। মিশরের সব বন্দরে কাতারের যানবাহন এবং বিমান ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর কাতারের কূটনীতিকদের দেশটি ত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরাইল সফর এবং  রিয়াদের সঙ্গে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি করাকে কেন্দ্র করে দোহার সঙ্গে টানাপড়েনের সূচনা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলোকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঐক্যবদ্ধ করা ও তাদেরকে নিয়ে ইরানের মোকাবেলা করাই ছিল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য।

গত মাসের শেষের দিকে কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেশটির আমিরের বক্তব্য প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে সৌদির সঙ্গে এ টানাপড়েনের সৃষ্টি হয়। আমির বলেছিলেন, ‘ইসলামী শক্তি ইরানের বিরুদ্ধে উত্তেজনা উসকে দেয়ার জন্য সৌদি আরব এবং তার অনুগত দেশগুলো চেষ্টা করছে।

অবশ্য কাতার সরকার পরে বলেছে, তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সাইবার হামলা হয়েছে। দেশটির আমির ও পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দেয়া হয়েছে প্রকৃতপক্ষে তেমন কোনো বক্তব্য দেননি তারা। একই কথা অনেক বার বললেও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের ফাটল আর বন্ধ হয়নি ।

সৌদি সংবাদ মাধ্যম কাতারের বিরুদ্ধে বিষোদগার অব্যাহত রেখেছে।  ইরানের বিরুদ্ধে যখন ‘ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন তাদের সঙ্গে কাতার বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ তোলা হয়েছে।

কাতারের ওয়েব সাইটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাত্র দুসপ্তাহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল সৌদি আরব।

এদিকে, কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সম্পর্কে দেশটি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।#

পার্সটুডে/মূসা রেজা/৫