সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরান ও সিরিয়াই চূড়ান্তভাবে বিজয়ী হবে: আসাদ
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
তেহরানে সন্ত্রাসী হামলার ঘটনায় ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। চলমান সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরান এবং সিরিয়াই চূড়ান্তভাবে বিজয় অর্জন করবে বলেও মন্তব্য করেন আসাদ।
তেহরানে তাকফিরি দায়েশের দু'টি পৃথক হামলায় ১৭ জন ইরানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজ (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট রুহানিকে ফোন করেন। টেলিফোনালাপে প্রেসিডেন্ট আসাদ দায়েশের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এ সময় রুহানি বলেন, গত বুধবার তেহরানে যে ঘটনা ঘটেছে তাতে সন্ত্রাস বিরোধী লড়াই থেকে ইরানকে একচুলও নড়াতে পারবে না। সিরিয়ায় পরিপূর্ণভাবে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দামেস্ককে সব ধরনের সহায়তা দেয়া অব্যাহত রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গত কয়েক বছর ধরে ইরান তার প্রতিবেশী ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ বিরোধী লড়াইয়ে বাগদাদ এবং দামেস্ককে সামরিক পরামর্শ দিয়ে আসছে। ইরানের সহযোগিতায় ইরাক ও সিরিয়া এরইমধ্যে এই উগ্র গোষ্ঠীটির বিরুদ্ধে অনেকগুলো ফ্রন্টে বিজয় লাভ করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৮