বড় ধরণের সাইবার হামলার মুখে পড়েছে কাতারের আল-জাজিরা নেটওয়ার্ক
কাতারের আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে বড় ধরণের সাইবার হামলা হয়েছে। নেটওয়ার্কের সব সিস্টেমে সাইবার হামলা চালানো হয়েছে। দোহা এবং রিয়াদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ হামলা চালানো হলো।
টুইটার বার্তায় আজ (বৃহস্পতিবার) সাইবার হামলার কথা জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। এছাড়া, আল-জাজিরার একটি সূত্রও এ খবর নিশ্চিত করেছে। এ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামলার একটি চেষ্টা হয়েছে এবং আল-জাজিরা তা ঠেকানোর চেষ্টা করছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সোমবার কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলে পারস্য উপসাগরীয় অঞ্চলে টানাপড়েন দেখা দেয়।
সন্ত্রাসবাদকে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির কথিত অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এসব দেশ। তবে, অভিযোগ নাকচ করে কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, এ দেশগুলো কাতারের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮