'মসুলে শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে দায়েশ’
-
ইরাকি শিশু
ইরাকের মসুল শহরে শিশুদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। মসুল থেকে বেসামরিক লোকজনের পালিয়ে যাওয়া ঠেকাতে শিশুদেরকে এভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর যুদ্ধে ইরাকি শিশুরা বেঘোরে মারা পড়েছে এবং অকল্পনীয় কষ্টের শিকার হচ্ছে। তাদের অপহরণ করা হচ্ছে। গোটা ইরাক জুড়ে শিশুরা ভয়াবহ আতংক এবং অকল্পনীয় সহিংসতার মুখে পড়েছে। ইরাকে ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিন্স এ প্রতিবেদন তৈরি করেছেন।
এছাড়া, দায়েশসহ অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো ১৮ বছরের কম শিশুদের নিয়োগ করছে এবং তাদেরকে সহিংসতায় অংশ নিতে বাধ্য করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, সন্ত্রাসীদের কবলে পড়ায় বা বাস্তুচ্যুত হওয়ায় ইরাকের প্রায় ১০ লাখ শিশু তাদের শিক্ষাগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২২