কাতারে ঘাঁটি বন্ধের আহ্বান নাকচ করে দিলো তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i40758-কাতারে_ঘাঁটি_বন্ধের_আহ্বান_নাকচ_করে_দিলো_তুরস্ক
সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের যে আহ্বান জানিয়েছে আঙ্কারা আজ (শুক্রবার) তা নাকচ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৭ ১৩:১৬ Asia/Dhaka
  • কাতারে ঘাঁটি বন্ধের আহ্বান নাকচ করে দিলো তুরস্ক

সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের যে আহ্বান জানিয়েছে আঙ্কারা আজ (শুক্রবার) তা নাকচ করে দিয়েছে।

তুর্কি সরকার বলেছে, কাতারের সামরিক ঘাঁটি পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করছে। এটি বন্ধের আহ্বান জানিয়ে দোহার সঙ্গে আঙ্কারার সম্পর্কের বিষয়ে নাক গলানো হয়েছে বলেও দেশটি অভিযোগ করেছে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকির ইসিক দেশটির এনটিভিকে বলেছেন, ঘাঁটি বন্ধের আহ্বান এখনো দেখেননি তিনি। পাশাপাশি পরিষ্কার ভাষায় তিনি বলেন, ২০১৪ সালে কাতারের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনায় আনার কোনো পরিকল্পনা তুরস্কের নেই। এ চুক্তির আওতায়ই কাতারে ঘাঁটি তৈরি করেছে তুরস্ক। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং এ জন্য কারো মনক্ষুন্ন হওয়া উচিত নয়।

কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো ১৩ দফা শর্ত দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া জানালেন তিনি। ১৩ শর্তের অন্যতম হলো -ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা টিভি নেটওয়ার্ক বন্ধ করা।

এ ছাড়া, আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবিও এতে রয়েছে। অবশ্য ক্ষতিপূরণের পরিমাণ জানানো হয়নি। এসব শর্তের মধ্যে হামাস ও ইখওয়ানুল মুসলিমিনের মতো সংগঠনগুলোর প্রতি নিন্দা জানানো এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর যাদেরকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে তাদেরকে হস্তান্তর করার শর্তও রয়েছে। এসব শর্ত মানার জন্য কাতারকে ১০ দিনের সময় দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩