সৌদি বলছে দাবি পূরণ করতে হবে; কাতার বলছে অবাস্তব
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কাতারকে দেয়া দাবি নিয়ে কোনো রকমের আলোচনা হবে না; শুধুমাত্র দোহাকে তা পূরণ করতে হবে।
তিনি বলেন, “আমরা আমাদের দাবি তুলে ধরেছি এবং আমরা পদক্ষেপ নিয়েছি। এখন কাতারকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। তারা যদি তা করে তবে একটা পথ বের হবে, অন্যথায় তাদেরকে একঘরে অবস্থায় থাকতে হবে।”
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “যদি কাতারকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি-তে ফিরতে হয় তাহলে তাদেরকে কী করতে হবে দোহা তা জানে।”
এদিকে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বলেন, “সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো যা উপস্থাপন করেছে তার কোনো ভিত্তি নেই এবং এগুলো কোনো দাবিও নয়।” তিনি বলেন, দাবি হতে হয় বাস্তব এবং বাস্তবায়নযোগ্য; অন্যথায় তা অগ্রহণযোগ্যই থেকে যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, আরব দেশগুলোর পক্ষ থেকে দেয়া দাবি বেশ কয়েকটি পূরণ করা কাতারের জন্য কষ্টকর।
সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক রাখাসহ কয়েকটি অভিযোগ তুলে গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এখন এসব দেশ সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছে যার মধ্যে আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করার দাবি রয়েছে এবং গত ২৩ জুন থেকে ১০ দিনের মধ্যে এসব দাবি মানার সময়সীমা বেধে দেয়া হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮