বাগদাদির খেলাফত ঘোষণার স্থানটি এখন কেমন আছে (ভিডিওসহ)
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের আন-নুরি মসজিদ থেকেই নিজেকে কথিত খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর আল-বাগদাদি। সেই মসুল শহরটি দায়েশের হাত থকে মুক্ত করেছে ইরাকি বাহিনী।
পরাজয় নিশ্চিত জেনে কথিত খেলাফাত ঘোষণার স্থানটি ধ্বংস করে দিয়ে গেছে দায়েশ নিজেই। দায়েশ গোষ্ঠীটি আইএস ও আইএসআইএল নামেও পরিচিত। সন্ত্রাসীদের কবল থেকে মসুল মুক্ত হওয়ার পর আন-নুরি মসজিদ ও এর আশেপাশের এলাকা পরিদর্শন করেছে আল-আলম টিভি চ্যানেলের সাংবাদিকেরা।
মসুল উদ্ধারের পর এই প্রথম কোনো সাংবাদিক টিম ওই মসজিদ নিয়ে সচিত্র প্রতিবেদন তৈরি করল। সাংবাদিকদের তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আন-নুরি মসজিদ ও এর আশেপাশের এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। পবিত্র মসজিদের মিনারটিও ধ্বংস করা হয়েছে।
আন-নুরি মসজিদটি প্রায় ৮০০ বছরের পুরনো। ২০১৪ সালে এই মসজিদ থেকে নিজেদের কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিল বাগদাদি। মসুল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল আন-নুরি মসজিদ ও এটির ‘আল-হাদবা’ মিনার। দায়েশ সন্ত্রাসীরা কেন পবিত্র এ মসজিদটি ধ্বংস করেছে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় নি।#
পার্সটুডে/এসএ/১