কাতার সংকট সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে: তুরস্ক
কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকট সমাধানের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র।
তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, কিছু কিছু ইংগিত পাওয়া যাচ্ছে যে এ সংকটের সমাধান সম্ভব। এটি তুরস্কের সাধারণ ধারণা বলে উল্লেখ করে তিনি আরো বলেন, আঙ্কারা মনে করে, সঠিক দিকে চলার মতো পদক্ষেপ নেয়ার তৎপরতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়ার সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। আঙ্কারায় তুর্কি ক্ষমতাসীন একেপির সদর দফতরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সংকট নিরসনে আঙ্কারার মধ্যস্থতার ভূমিকা পালনের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পারস্য উপসাগরীয় চারটি দেশ গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও ওই অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করে দোহা।#
পার্সটুডে/মূসা রেজা/১