আসাদের পতনের সম্ভাবনা যতই ক্ষীণ হচ্ছে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ততই বাড়ছে
-
সিরিয়ায় তৎপর সন্ত্রাসী (ফাইল ফটো)
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিভেদ এবং সংঘর্ষ চরম আকার ধারণ করেছে।
গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই আহরার আশ-শাম এবং তাহরির আশ-শামের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। সৌদি আরব, কাতার এবং তুরস্ক আহরার আশ-শামকে মদদ দিয়ে আসছে। অন্যদিকে, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে তাহরির আশ-শামের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।
গত ডিসেম্বরে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সরকারি বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর হাজার হাজার সন্ত্রাসী ইদলিব প্রদেশে পালিয়ে যায়। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন দুরাশায় পরিণত হওয়ায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংঘর্ষ বেড়েই চলেছে।
এদিকে, গতকাল (শনিবার) আহরার আশ-শাম বলেছে, হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস গোষ্ঠী হামলার উদ্দেশ্যে সারাকেব এবং জাবাল আল জাওইয়া এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি জোরদার করছে। অন্যদিকে, আহরার আশ-শাম ওইসব স্থানে নিরাপত্তা চৌকি প্রতিষ্ঠার পাশাপাশি এইচটিএস গোষ্ঠীর একজন কমান্ডার এবং তার দেহরক্ষীকে আটক করেছে বলে ওই গোষ্ঠীর সমর্থক জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬