আবু বকর আল-বাগদাদি জীবিত আছে: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i42256-আবু_বকর_আল_বাগদাদি_জীবিত_আছে_ইরাকি_স্বরাষ্ট্র_মন্ত্রণালয়
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়নি বরং সিরিয়ায় পালিয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ০২:১৪ Asia/Dhaka
  • আবুবকর আল-বাগদাদি (ফাইল ছবি)
    আবুবকর আল-বাগদাদি (ফাইল ছবি)

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়নি বরং সিরিয়ায় পালিয়ে গেছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিরোধী যুদ্ধ বিভাগের পরিচালক আবুআলী আল-বসরি রোববার বাগদাদে জানিয়েছেন, পশ্চিমা ও আরব দেশগুলোর গোয়েন্দা সূত্রগুলো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বাগদাদি সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের নিকটবর্তী একটি স্থানে আত্মগোপন করেছে।

গত ১১ জুলাই ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দায়েশের হাত থেকে সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর এই জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তাদের নেতা আবুবকর আল-বাগদাদির নিহত হওয়ার খবর জানিয়ে বলা হয়, তারা অচিরেই বাগদাদের স্থলাভিষিক্তের নাম ঘোষণা করবে।

আবুআলী আল-বসরি সতর্ক করে দিয়ে বলেন, দায়েশের হাত থেকে মসুল শহর পুনরুদ্ধারের অর্থ এই নয় যে, এই জঙ্গি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। এই গোষ্ঠী ইরাকসহ গোটা মধপ্রাচ্যের সব দেশের নিরাপত্তা জন্য হুমকি সৃষ্টি করে যাবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, মসুলে পরাজিত হওয়ার পর দায়েশ জঙ্গিরা এখন বিশ্বের বড় শহরগুলোতে হামলা চালাতে পারে।  আবুআলী আল-বসরি বলেন, দায়েশ জঙ্গিরা বিশ্বব্যাপী হামলা চালানো ও আতঙ্ক তৈরির জন্য সিরিয়া থেকে তুরস্কের মাধ্যমে সারাবিশ্বে একদল সন্ত্রাসীকে ছড়িয়ে দিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭