সিরিয়ার জনগণের পাশে থাকবে ইরান: জাবের আনসারি
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি বৈঠক করেছেন। উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি তেহরান-দামেস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
দামেস্ক সফরের দ্বিতীয় দিনে আরব এবং আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি আজ (বৃহস্পতিবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে তারা সংকটপূর্ণ সিরিয়ার সর্বশেষ পরিস্থিতিসহ অন্যান্য দ্বিপক্ষীয় এবং নানা আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া, ইরানের এই কর্মকর্তা সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস, পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হয়েছেন।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে জাবের আনসারি বলেন, সিরিয়ায় পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী যুদ্ধসহ সব ক্ষেত্রে দেশটির জনগণের পাশে থাকবে ইরান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ খবর দিয়েছে।
এছাড়া, সিরিয়ায় একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইরান-সিরিয়া-রাশিয়ার মধ্যে সমন্বিত প্রচেষ্টার কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন ইরানের এই কর্মকর্তা।বৈঠকে সিরিয়ার জনগণ এবং সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর জন্য ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম।#
পার্সটুডে/বাবুল আখতার/২০