৬২৪ বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করল মার্কিন নেতৃত্বাধীন জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i43504-৬২৪_বেসামরিক_ব্যক্তিকে_হত্যার_কথা_স্বীকার_করল_মার্কিন_নেতৃত্বাধীন_জোট
মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক জোট স্বীকার করেছে, ইরাক ও সিরিয়ায় তাদের গত তিন বছরের বিমান হামলায় অন্তত ৬২৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০১:২৬ Asia/Dhaka
  • মার্কিন হামলায় স্বজন হারানো এক নারীর আহাজারি
    মার্কিন হামলায় স্বজন হারানো এক নারীর আহাজারি

মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক জোট স্বীকার করেছে, ইরাক ও সিরিয়ায় তাদের গত তিন বছরের বিমান হামলায় অন্তত ৬২৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে একথা জানিয়ে ওই জোট দাবি করেছে, ‘অনিচ্ছাকৃতভাবে’ এসব হতভাগ্য মানুষ নিহত হয়েছে। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত সময়ের বিমান হামলায় এসব মানুষ নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সামরিক অবস্থানে হামলা চালানোর ক্ষেত্রে ‘অতি উচ্চা মাত্রার’ সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে কোনো বেসামরিক মানুষ মারা না যায়। কিন্তু তারপরও কিছু কিছু ঘটনায় বেসামরিক নাগরিকদের মৃত্যু এড়ানো সম্ভব হয়নি।

মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় তাদের বিমান হামলায় মাত্র ৬২৪ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা স্বীকার করলেও নিরপেক্ষ সূত্রগুলো এই সংখ্যা কয়েকগুণ বলে উল্লেখ করেছে।  

ব্রিটেন-ভিত্তিক অলাভজনক নজরদারি প্রতিষ্ঠান এয়ারওয়ার্স বলেছে, গত তিন বছরে ইরাক ও সিরিয়ায় ৪,৭৩৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে । অন্যদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত তিন বছরে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ায় অন্তত ৪২,২৩৪ বার বিমান হামলা চালিয়েছে যার ফলে প্রায় ৭,০০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫